রাজধানীতে দুই শিশু ধর্ষণের শিকার, সৎ বাবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১১:২০ পিএম

রাজধানীর পৃথক এলাকায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে বাড্ডায় সৎ বাবার ধর্ষণের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু। এছাড়া, কামরাঙ্গীরচরে ৪ বছরের আরেক শিশু ধর্ষণের শিকার হয়।

পুলিশ জানায়, দুটি ধর্ষণের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী দুই শিশুর চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বাড্ডা থানার এসআই মো. ফেরদৌস আলম জানান, শিশুটির সৎ বাবার নাম আতোয়ার (৪৫)। পেশায় অটোরিকশা গ্যারেজের সহকারী মিস্ত্রি। এই বাবা ও মায়ের সাথে শিশুটি  থাকত। বুধবার সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে বাড্ডা থানা-পুলিশ।

ফেরদৌস আরও জানান, প্রতিবেশী ও স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি মঙ্গলবার দিবাগত রাতে সৎ বাবা আতোয়ার শিশুটিকে ধর্ষণ করে। পরদিন সকালে শিশুটি কান্নাকাটি শুরু করলে আশপাশের ভাড়াটিয়ারা শিশুটির কাছ থেকে বিষয়টি জানতে পারেন। তারপর তারা ৯৯৯এ কল দিয়ে জানায়।

শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আতোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে কামরাঙ্গীরচর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই সোনিয়া পারভীন জানান, চার বছরের শিশুটি কামরাঙ্গীরচরে  পরিবারের সাথে থাকে। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিবেশী ও পূর্বপরিচিত আবুল কালাম (৬০)  নামে এক ব্যক্তি কৌশলে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে যায়। তারপর ধর্ষণ করে। পরে শিশুটি এ বিষয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জানায়। শিশুটির পরিবারের সদস্যরা বুধবার মামলা করেন। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত আবুল কালামকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত