লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে অসুস্থ আবু ইউনুস মোঃ শহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বুড়িমারী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দায়েরকৃত তিন মামলায় মসজিদের খাদেমসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হলো। লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোতাহার হোসেন (১৮), হাসেম আলী (৫২), লাজু (৩৫), রবিউল ইসলাম (৪০), আরিফুল ইসলাম আরিফ (৩৮)। তাদের বাড়ি উপজেলার বুড়িমারী এলাকায়। এর মধ্যে মোতাহার ও হাসেম আলীকে পুলিশের ওপর হামলা আর লাজু, রবিউল ও আরিফকে বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে গতকাল দুপুরে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ থেকে প্রথম দফায় গ্রেপ্তারকৃত ৫ জন আসামিকে ৩ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক ফেরদৌসী বেগম।
এ ঘটনায় নিহত জুয়েলের চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা করা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল নামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে পরে তার লাশ পুড়িয়ে দিয়েছে এক দল দুর্বৃত্ত।
