রাজধানীতে বাসা থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১২:৩৬ পিএম

রাজধানীর মুগদা দক্ষিণ মান্ডার একটি বাসা থেকে লিমা (২২) নামের এক তরুণীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে খবর পেয়ে মুগদা থানা-পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহার জানান, মান্ডার একটি বাসায় ২ রুম নিয়ে একাই ভাড়া থাকতেন ওই তরুণী।

গতরাতে আশপাশের ভাড়াটিয়ারা ওই রুম থেকে পচা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে রাতেই মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি পচাগলা অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে ৫/৬ দিন আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, ওই তরুণীর পরিবারের মাধ্যমে জানতে পেরেছি তার মা কমলাপুর এলাকাতে থাকেন। আর বাবা শরিয়তপুর গ্রামের বাড়িতে থাকেন। ১৫ দিন আগে সে একজনকে বিয়ে করেছে। মাদকাসক্তও ছিল ওই তরুণী।

মৃত লিমার ভাই সুমন জানান, তাদের বাড়ি শরিয়তপুর পালং উপজেলায়। তাদের বাবার নাম দীন ইসলাম কাজী। দক্ষিণ মান্ডার হিরুমিয়া রোডের আব্দুল হাকিমের ১০৬৩ নম্বর বাড়ির ৩য় তলায় দুটি রুম নিয়ে ভাড়া থাকতেন লিমা। ১৫/২০ দিন আগে পরিবারের অমতে নীলয় (২৭) নামে এক ছেলেকে বিয়ে করেন তিনি।

গত ৫/৬দিন ধরে তার সাথে কারো কোনো যোগাযোগ হয়নি। রাতে পুলিশের মাধ্যমে লিমার মৃত্যুর খবরটি তারা জানতে পারেন।

সুরতহাল প্রতিবেদনে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ হোসাইন উল্লেখ করেন, গতরাত দেড়টায় মৃতদেহটি উদ্ধার করা হয়। তরুণীর মৃতদেহটি পচেগলে গেছে। তার গলায় ওনা পেঁচানো ছিল। হাত দুটি বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত