ভারতে তিন বছর কারাভোগ শেষে এক শিশু ও তিন নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানান, তিন বছর আগে ওই তিন নারী কাজের সন্ধানে সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতের মুম্বাইয়ে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের মুম্বাই কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সাজার মেয়াদ শেষে সেখানকার সরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটে আজ (বৃহস্পতিবার) তাদের ফেরত পাঠানো হয়।
ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর নামের একটি এনজিও সংস্থার কো-অর্ডিনেটর আব্দুল মুহিত তাদের হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছেন বলেও জানান ওসি আহসান হাবিব।
