ঢাকা-১৮ উপনির্বাচন

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপির অংশগ্রহণ : আ.লীগ

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:৩৬ এএম

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে জেতার জন্য নয় বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই তাদের লক্ষ্য উল্লেখ করে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানায়। সিইসির সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকে অন্য দুই নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রতিনিধি দলের নেতা আবদুর রহমান বলেন, ‘কিছু অভিযোগ আমরা দিয়েছি। বিএনপির যে প্রার্থী আছেন তিনি ঢাকা-১৮ আসনে অস্থিরতা চালিয়ে যাচ্ছেন। বাইরে থেকে লোকজন ভাড়া করে এনে আমাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় মারধর করা, বিভিন্ন উসকানিমূলক বক্তব্য, পোস্টার ছেঁড়াসহ নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে বিষয় আছে সেগুলো তারা করছে। সে অভিযোগ আমরা দিয়েছি। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে তারা এ অভিযোগ খতিয়ে দেখবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দৈনন্দিন যারা নির্বাচনের কাজে সংশ্লিষ্ট আছেন, তারা বাস্তব প্রেক্ষিত বিবেচনা করে এ অভিযোগ এনেছে।’ তিনি আরও বলেন, ‘সাত-আটটা থানা নিয়ে নির্বাচনী আসন; এটা বিরাট এলাকা। হয়তো ভাটারায় বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে, সেটা হয়তো উত্তরখানের কেউ জানেই না।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যিনি বিএনপির প্রার্থী এবং যে সমর্থক মনোনয়নবঞ্চিত হয়েছেন (কফিলউদ্দিন) তাদের দুজনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, ডিম ছোড়াছুড়ি ইত্যাদি কার্যক্রম হয়, তখন একটা প্রভাব বিস্তার হয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘœ হওয়ার জন্য।’

আবদুর রহমান বলেন, ‘সার্বিক বিষয়গুলো নির্বাচন কমিশনে তুলে ধরেছি যাতে শান্তিপূর্ণ পরিবেশ থাকে এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়। সেই ব্যাপারে আমরা তাদের আহ্বান জানিয়েছি।’

এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ কেমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো অসহনীয় পর্যায়ে এরকম বলার কিছু হয়নি।’ তিনি বলেন, ‘আমাদের সবারই সতর্ক থাকা ভালো যাতে নির্বাচনটি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়।’

ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কোনো শঙ্কা নেই। তবে আমরা যে কথাটি বলেছি, তারা বিভিন্ন লোকজন এনে সমাগম করছে এটা সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে পারে।’

বিএনপির দেওয়া অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন এবং মিথ্যা। এ অভিযোগের কোনো ভিত্তি নেই। তারা শুধু এই নির্বাচনে অভিযোগ দিচ্ছে বিষয়টা এমন নয়, সমস্ত নির্বাচনে তারা অভিযোগ দিয়েছে।’

প্রতিনিধি দলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি, ঢাকা মহানগর উত্তরের সাবেক সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত