বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পারুল রানীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:২৭ পিএম

বরগুনার পাথরঘাটায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পারুল রানীর (৯০) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেছে প্রশাসন। শুক্রবার সকাল ১০টায় তার মরদেহ দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা পরিষদের সদস্য এম এ খালেক।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে পাথরঘাটার চরদুয়ানী গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন পারুল রানী। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মনোহর মিস্ত্রী শহীদ মুক্তিযোদ্ধা ও ছেলে মনমথ মিস্ত্রীও মুক্তিযোদ্ধা।

১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী পারুল রানীর স্বামী মনোহর মিস্ত্রি, তার ভাই কর্নধর মিস্ত্রী ও তাদের প্রতিবেশী মতিউর রহমানকে গুলি করে হত্যা করে। এ ছাড়া পাকিস্তানি বাহিনী তাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। তার ছেলে মনমথ মিস্ত্রী মুক্তিযুদ্ধে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান।

পারুল রানীর ছেলে মনমথ রঞ্জন মিস্ত্রী বলেন, মা দীর্ঘদিন ধরে বার্ধক্যে শয্যাশায়ী ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে দেহত্যাগ করেন।

তিনি আরো বলেন, আমার মা, বাবা হত্যার বিচার দেখে যেতে পারল না। মারা যাওয়ার আগে প্রতি মুহূর্ত স্বামী হত্যার বিচার চেয়েছিলেন। আমার মা ২০১৮ সালে ২৫ নভেম্বর বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাপ্রাপ্ত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত