কালিয়াকৈরে ট্রেন ও বাসের সংঘর্ষে নারীসহ ২ জন নিহত

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৪:৪১ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ী এলাকায় গতকাল শনিবার ভোরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অজ্ঞাত পরিচিত এক নারীসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মাসুদ (৩০) নেত্রকোনার কলমাকান্দা থানা সদরের মো. শামছুল ইসলামের ছেলে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রেল ক্রসিংয়ে দায়িত্ব পালনকারী গেইটম্যান রিপন মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী স্থানীয়দের বরাত দিয়ে জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোরে কালিয়াকৈর উপজেলার সোনাখালী  রেলক্রসিং এলাকায়  পৌঁছে। এসময় দ্রুতগামী একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময়  ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। দুমড়েমুচড়ে যাওয়া বাসটিসহ চলন্ত ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে উপজেলার ভুঙ্গাবাড়ী এলাকায় ঘাটাখালী ব্রিজের কাছে গিয়ে থেমে যায়। এতে অজ্ঞাত পরিচিত (বাসের যাত্রী) এক নারী ঘটনাস্থলেই নিহত হয় এবং মাসুদ রানা নামে আরও এক বাসযাত্রী কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হারুন অর রশীদ (৪০), কামরুল ইসলাম (৫২) ও মানিক মিয়া (৩০) নামে তিন ট্রেনযাত্রী মারাত্মক আহত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর সোনাখালী রেলক্রসিংয়ে ডিউটিরত লাইনম্যান মো. রিপন মিয়াকে খুঁজে পাওয়া যায়নি। লাইনম্যানের কর্তব্যে অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ভোর ৪টার দিকে সোনাখালীর রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা লেগে ভুঙ্গাবাড়ী এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়। এ ঘটনার পর ভোর ৪টা ১০ মিনিট থেকে সকাল ৯টা ২৩ মিনিট পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ ছিল।

তদন্ত কমিটি গঠন

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে দুর্ঘটনাস্থলের পাশে রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেইটম্যান মো. রিপন মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত