মি. বেকারের বিরুদ্ধে ৮০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১১:৩০ পিএম

দেশীয় কেক উৎপাদন ও বিক্রিয়কারী প্রতিষ্ঠান ‘মি. বেকার’র বিরুদ্ধে ৮০ কোটি ১৬ লাখ টাকা ভ্যাট ফাঁকির মামলা করেছে ভ্যাট গোয়েন্দা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২৬৫ কোটি টাকা বিক্রয় তথ্য গোপন করে ৩৪ কোটি ৬০ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য পাওয়ার পর এ মামলা করা হয়। গতকাল রবিবার ভ্যাট গোয়েন্দা মামলা করে বলে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান দেশ রূপান্তরকে জানিয়েছেন।

জানা গেছে, একজন ক্রেতাকে ভ্যাট চালান না দেওয়ার অভিযোগ তদন্ত করতে গিয়ে এত বড় ভ্যাট ফাঁকির ঘটনা ফাঁস হয়েছে। অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আসিফ জামান গত ১৮ অক্টোবর তার নিজের ফেইসবুক স্ট্যাটাসে উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে ‘মি. বেকার’র বিক্রয়কেন্দ্রের বিরুদ্ধে ভ্যাট চালান না দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ করেন। তিনি ওই স্ট্যাটাসে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে প্রতিকার চেয়ে উল্লেখ করেন, ভোক্তারা ভ্যাট দিলেও তা সরকার পাচ্ছে না। এ অভিযোগ ও আরও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনবিআর চেয়ারম্যান অভিযোগটি তদন্তের জন্য ভ্যাট গোয়েন্দাকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর ভ্যাট গোয়েন্দার একটি দল রাজধানী তুরাগের ধোউড়ার মোকদাম আলী সরকার রোডে ‘মি. বেকার কেক অ্যান্ড পেস্ট্রি শপ লিমিটেড’র কারখানা ও প্রধান কার্যালয়ে অভিযান চালায়। প্রতিষ্ঠানটি ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত (ভ্যাট নিবন্ধন নং : ০০০৯৬৪৬৮২-০১০২)। রাজধানীতে প্রতিষ্ঠানটির ২৯টি বিক্রয়কেন্দ্র রয়েছে, এর মাধ্যমে কারখানায় উৎপাদিত পণ্য বিক্রয় করে থাকে। ভ্যাট গোয়েন্দার অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের হিসাব সংরক্ষণ ছাড়া ব্যবসা পরিচালনা করছে বলে জানান মইনুল খান।

তিনি জানান, পরিদর্শনকালে ভ্যাটসংক্রান্ত অন্যান্য দলিলাদি দেখাতে বলা হলে, উপস্থিত মালিকপক্ষ তা দেখাতে পারেননি এবং এগুলো সংরক্ষণ না করার বিষয়ে তারা কোনো সদুত্তরও দিতে পারেননি। প্রতিষ্ঠান প্রাঙ্গণে মালিকপক্ষ নিজস্ব বাণিজ্যিক দলিলাদিও রাখেন না। এতে ভ্যাট গোয়েন্দা দলের কাছে প্রতীয়মান হয়েছে, মনগড়া ও কাল্পনিক হিসাবের ভিত্তিতে ‘মি. বেকার’ স্থানীয় ভ্যাট সার্কেলে রিটার্ন দাখিল করে আসছে। এমনকি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অভিযানের আগের দিন যেসব পণ্য ফ্যাক্টরি থেকে বের করেছে তার মূসক-৬.৫ চালান দেখাতে বলা হলেও তারা তা দেখাতে পারেননি। প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় নিবন্ধিত হওয়ায় মূসক-৬.৫ এর মাধ্যমে পণ্য ফ্যাক্টরি থেকে আউটলেটে নেওয়ার বিধান থাকলেও তা পরিপালন করা হয় না। একই সঙ্গে তারা ভোক্তাদের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাট সরকারি কোষাগারে যথাযথভাবে জমা দেয়নি। কর্মচারীদের থাকার কক্ষ তল্লাশি করে তাদের পুরনো কিছু অসংগঠিত তথ্যাদি পায়। প্রতিষ্ঠানটি মোট ৮০ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৫৬ টাকা ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত