বাইডেনকে শেখ হাসিনার বার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হবে

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০১:৫০ এএম

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্টকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এই আশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী কমলা হ্যারিসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশ তার নিজের প্রচেষ্টা, জনগণের সামর্থ্য এবং যুক্তরাষ্ট্রের মতো বন্ধু রাষ্ট্রের সমর্থন পেয়ে দেশের সামগ্রিক যে অগ্রগতি হয়েছে, তা স্বচক্ষে দেখার জন্য বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছাবার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে সাম্প্রতিক নির্বাচনে আপনার বিজয়ে আমি এবং বাংলাদেশের সরকার ও জনগণ অত্যন্ত আনন্দিত। চার দশক ধরে যুক্তরাষ্ট্র এবং দেশটির জনগণের কল্যাণে আপনাদের অসাধারণ নেতৃত্ব যে নিষ্ঠা ও প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছে, আপনার দুর্দান্ত বিজয়ের মধ্যে দিয়ে জনগণের সেই বিশ্বাস এবং আস্থারই প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু পরিববর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী করবে আপনার বিচক্ষণ নেতৃত্ব।

১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চমৎকার ও অটুট বন্ধনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনি আপনার দেশের শীর্ষ পদে থাকার সময়ে এ সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছবে বলে আমি মনে করি। এছাড়াও অভিন্ন স্বার্থের পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, বিদ্বেষমূলক কর্মকাণ্ড, রোহিঙ্গাদের মতো জোরপূর্বক বাস্তচ্যুত করার বিরুদ্ধে এবং নিরাপদ ও উন্নত বিশ্ব গড়তে আপনার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, উন্নতি, সমৃদ্ধির পাশাপাশি নতুন প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখী এবং দীর্ঘায়ু কামনা করেন শেখ হাসিনা।

রাষ্ট্রপতি আবদুল হামিদের অভিনন্দন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গতকাল এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নেতৃত্বে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় পৌঁছবে এবং ব্যবসা-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হবে।’ তিনি যুক্তরাষ্ট্রের জয়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত