নেত্রকোনায় কাস্টমসের অভিযানে তামাক-বিড়ি জব্দ

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১১:২৪ পিএম

নেত্রকোনা পৌর শহরে বড়গাড়া এলাকায় এক বিড়ি কারখানায় অভিযান পরিচালনা করে তামাক ও বিড়ি জব্দ করেছে কাস্টমস। গতকাল সোমবার নেত্রকোনা সার্কেল-১-এর কাস্টমস কর্মকর্তা (রাজস্ব) ইজাজুল হক এজাজ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিন বস্তা তামাক ও ৫৪০ প্যাকেট দয়াল বিড়িসহ অনেকগুলো বেন্ডল (বিড়ির গোড়ালিতে মোড়ানোর স্টিকার) জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সাদ্দামের ভাড়া দেওয়া একটি ঘরে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির পরিচালনায় একটি বিড়ির কারখানার সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা।

নেত্রকোনা সার্কেল-১-এর কাস্টমস কর্মকর্তা (রাজস্ব) ইজাজুল হক এজাজ বলেন, এখানে একটি বিড়ির কারখানা রয়েছে বলে জানা যায়। এখানে বিড়িগুলোয় নকল স্টিকার লাগানো হয়। অভিযানে এসে দয়াল বিড়ি নামে কারখানার সত্যতা মিলেছে। এগুলো জব্দ করা হয়েছে। পরে যাচাই-বাছাই করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কাস্টমস কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত