আইপিএল ২০২০

আইপিএল ফাইনাল: মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে দিল্লি

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৮:০৪ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দিল্লির সামনে ইতিহাস গড়ার সুযোগ। এই প্রথম ফাইনালে পা দেওয়া দলটির সামনে ট্রফি জেতার হাতছানি।

অন্য দিকে আইপিএলের সবচেয়ে সফল দল (চার বারের চ্যাম্পিয়ন) মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ট্রফি ধরে রাখার সুযোগ।

করোনা পরিস্থিতিতে এবার সংযুক্ত আবর আমিরাতে আইপিএল আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৫২ দিনের লম্বা লড়াই শেষে এখন ফাইনাল। মুম্বাই ও দিল্লি দুই দলেই রয়েছেন তারকা ক্রিকেটার ও একাধিক ম্যাচ উইনার। তাই দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

রোহিত শর্মার পরীক্ষা নিতে তৈরি কাগিজো রাবাদা। অন্য দিকে শিখর ধাওয়ানকে শান্ত রাখার চেষ্টা করবেন জাসপ্রীত বুমরাহ। লড়াইটা বুমরাহ বনাম রাবাদারও। ১৪ ম্যাচে বুমরাহর উইকেট সংখ্যা ২৭। ২ ম্যাচ বেশি খেলে রাবাদা নিয়েছেন ২৯টি উইকেট। ফাইনালে দুই পেসারের ওপরে নির্ভর করে রয়েছে দুই দল।

এদিন আইপিএলে নিজের ২০০-তম ম্যাচ খেলতে নেমেছেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত। রাহুল চাহারের পরিবর্তে জয়ন্ত যাদবকে প্রথম একাদশে নিয়েছে মুম্বাই।

এবারের আসরে ফাইনালের আগ পর্যন্ত মোট তিনবার মুখোমুখি হয়েছে মুম্বাই ও দিল্লি। লিগ পর্বে দুই বার ও প্রথম কোয়ালিফায়ার মিলে তিনবারই জয় পেয়েছে মুম্বাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত