করোনা লড়াইয়ে ১৩ সদস্যের টাস্কফোর্স বাইডেনের

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০৪:০৫ এএম

যুক্তরাষ্ট্রে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই কাজ শুরু করে দিয়েছেন। করোনা মহামারী নিয়ন্ত্রণে  ডেমোক্র্যাট বাইডেন বিজ্ঞানী ও চিকিৎসকদের সমন্বয়ে গঠন করেছেন একটি টাস্কফোর্স। 

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত রবিবারই বাইডেন জানিয়েছিলেন করোনার জন্য বিশেষ টাস্কফোর্স তৈরি করবেন তিনি। সেই ঘোষণা মতেই সোমবার ১৩ জনের বিশেষ টাস্কফোর্স তৈরি করেন জো বাইডেন। আপাতত দুই মাসের জন্য তৈরি হয়েছে এই নতুন টাস্কফোর্স। ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরে টাস্কফোর্সটি স্থায়িত্ব পাবে।

সোমবার বাইডেন জানিয়েছেন, করোনা মোকাবিলায় সব রকম ব্যবস্থা করবে নতুন সরকার। এদিন করোনা নিয়ে বৈঠকে বসেছিলেন বাইডেন এবং কমলা হ্যারিস। দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এবং চিকিৎসকদের সেখানে ডাকা হয়। সবার সম্মতিতে ১৩ জনের টাস্কফোর্স তৈরি করা হয়। টাস্কফোর্সের শীর্ষে রাখা হয়েছে তিনজনকে। সাবেক ফুড অ্যান্ড ড্রাগ কমিশনার ডেভিড কেসলার, সাবেক সার্জেন জেনারেল বিবেক মূর্তি এবং অধ্যাপক মার্সেলা নুনেজ স্মিথকে। করোনা মোকাবিলায় সব রকম ব্যবস্থা করবে এই কমিটি।

পাশাপাশি দেশবাসীর কাছে মাস্ক পরার আবেদন জানিয়েছেন বাইডেন। বলেছেন, রিপাবলিকান বা ডেমোক্র্যাট নয়, মাস্ক পরতে হবে সব আমেরিকানকে। মাস্কের সঙ্গে রাজনীতিকে মেলালে হবে না। নিজের স্বার্থে, প্রতিবেশীর স্বার্থে সবার মাস্ক পরা উচিত।

নির্বাচনী প্রচারে বাইডেন বলেছিলেন, ক্ষমতায় এলে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন তিনি। বস্তুত, করোনা নিয়ে ট্রাম্পকে তীব্র আক্রমণ করেছিলেন বাইডেন। টাস্কফোর্স তৈরি করে তিনি বুঝিয়ে দিলেন, করোনার মোকাবিলাই তার প্রথম কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত