উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০৭:৪৪ পিএম

উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষকে ভালোবাসেন। এজন্য হাওরের ওপর দিয়ে উড়াল সড়ক করে জীবনমান উন্নত করতে চান। আমাদের তার হাতকে শক্তিশালী করতে হবে।

বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ মোড়ে ছাত্রজনতার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য কাজ করেন। আমরা তাকে অনুসরণ করি। কোনো আঞ্চলিকতা নয়, সুনামগঞ্জ শহর থেকে স্থাপনা গড়ে তা শান্তিগঞ্জ-পাগলায় যুক্ত করতে চাই। আমরা সুনামগঞ্জি, এটাই আমাদের বড় পরিচয়। ঐক্যবদ্ধ থাকবেন, কোনো উসকানিতে কান দেবেন না।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ হাওর ও কৃষিনির্ভর জেলা। আমরা শিগগিরই এখানে কৃষি ইনস্টিটিউট, মাছ সুরক্ষার জন্য নানা প্রকল্প বাস্তবায়ন করব। ছাতক-সুনামগঞ্জ রেললাইনও হবে।

সুনামগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত করার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ সমাবেশ আয়োজন করা হয়। শিক্ষাবিদ ও আওয়ামী লীগ নেতা আবদুর রউফের সভাপতিত্বে সমাবেশে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রয়েল আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত