১২ ডিসেম্বর হচ্ছে না গণফোরামের কাউন্সিল

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:২৯ পিএম

আগামী ১২ ডিসেম্বর কাউন্সিল করার ঘোষণা দিয়েছিল ড. কামালের নেতৃত্বাধীন গণফোরাম। কিন্তু পূর্বনির্ধারিত তারিখে কাউন্সিল করবে না দলটি। গতকাল বুধবার গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলাপ-আলোচনার মাধ্যমে গণফোরামের ঐক্যবদ্ধ কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে দলের ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিল স্থগিত করা হলো। আগামী কাউন্সিলের তারিখ পরে জানানো হবে।

এদিকে আলাপ-আলোচনার মাধ্যমে গণফোরামের ঐক্যবদ্ধ কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে যে বক্তব্য দেওয়া হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে গণফোরামের একাংশের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, রেজা কিবরিয়া কী বলল তা নিয়ে আমরা চিন্তিত নই। তবে আমরা ড. কামালের মতিঝিলের চেম্বারে গিয়েছিলাম। তখন কথা হয়েছিল তিনি গণমাধ্যমে একটা বিবৃতি দেবেন। তাতে বলা হবে, গণফোরামের অনাকাক্সিক্ষত ঘটনা নিরসনে আগামী ১৪-১৫ জানুয়ারি গণফোরামের ঐক্যবদ্ধ কাউন্সিল করা হবে। এ ছাড়া মতভেদের কারণে দলের মধ্যে বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের বিষয়টি বাতিল বলে গণ্য করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত