টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকচাপায় এক কিশোরীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কিশোরীর স্বজনদের দাবি, বিয়ে করবে বলে ভোররাতে বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ওই কিশোরীকে নিয়ে পালিয়েছিল এক তরুণ। পথিমধ্যে ট্রাকচাপায় প্রাণ হারায় ওই তিনজন। নিহতরা হলো- টাঙ্গাইল সদর থানা এলাকার মমতা হিয়া সুকন্যা (১৫), করটিয়া বাইপাস এলাকার বাপ্পী (১৮) ও দেলদুয়ারের জাঙ্গালিয়া গ্রামের শুভ আক্তার সানি (১৮)। এ ছাড়া একইদিন সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, গতকাল সকালে বন্ধু সানির মোটরসাইকেলে করে নাগরপুরের ধুবড়িয়া গ্রাম থেকে পালিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল বাপ্পী ও সুকন্যা। পথে নাগরপুরের টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের দাসপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সানি নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বাপ্পী ও সুকন্যা মারা যায়।
নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, খবর পেয়ে লাশ তিনটি থানায় নিয়ে আসে পুলিশ। দুর্ঘটনায় দায়ী ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত : যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে মাতুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম লক্ষ্মীপুর সদর উপজেলার নূর ইসলামের স্ত্রী। স্বামী-সন্তান নিয়ে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন মুসলিমনগর এলাকায় ভাড়া থাকতেন তিনি। যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
