আনিসুলের মৃত্যুতে জাবি বিসিএস অফিসার্স ফোরামের প্রতিবাদ

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০৯:১৬ পিএম

চিকিৎসা নিতে গিয়ে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে কর্মচারীদের পিটুনির পর পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিসিএস অফিসার্স ফোরাম’। পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে। 

ফোরামের সভাপতি মনোয়ার আহমেদ (সচিব, ইআরডি) ও সাধারণ সম্পাদক মো. আবদুল আহাদ (ডিসি, ডিবি, ডিএমপি)  স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এই দাবি জানানো হয়। 

উল্লেখ্য, গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে  চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মচারীদের মারধরে মারা যান পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম। 

আনিসুল করিম ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন তিনি। এক সন্তানের জনক আনিসুলের বাড়ি গাজীপুরে। সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন। এ পুলিশ কর্মকর্তা ৩১তম বিসিএসের পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। তিনি ২০১৩ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ পুলিশে সহকারী সুপার হিসেবে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত