বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গতকাল বৃহস্পতিবার ঢাকা-১৮ উপনির্বাচনে রাজধানীর উত্তরায় আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
নুরুল হুদা বলেন, ‘আমাদের কাছ থেকে ওদের (যুক্তরাষ্ট্রের) শিক্ষা নেওয়া উচিত। চার-পাঁচ দিনেও ওরা ভোটের রেজাল্ট দিতে পারে না। আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) মাধ্যমে চার-পাঁচ মিনিটে কেন্দ্রে ফল ঘোষণা দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমেরিকায় নেই। তাদের ২৫০ বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় এই জিনিসটা অ্যাড্রেস করতে পারেনি।’
এদিকে গত মঙ্গলবার সরকার ও নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিতে বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা উল্লেখ করে সেদিন এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম ওই কথা বলেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার দাবি করলেন, তাদের কাছে যুক্তরাষ্ট্রের শেখার আছে।
সিইসি বলেন, ‘তাদের কাছে অবশ্যই আমাদের শিক্ষণীয় আছে। আমাদেরও আছে, তাদেরও আছে। জনগণেরও আছে, সাংবাদিকদেরও আছে।’ দুই সংসদীয় আসনের ভোটের সার্বিক পরিস্থিতি ভালো আছে দাবি করে তিনি বলেন, ‘সকাল থেকে আমি কেন্দ্রগুলোর খোঁজ নিচ্ছি। কন্ট্রোল রুমে কথা বলেছি। রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন পরিপন্থী ঘটনা ঘটেনি।’
ভোটার উপস্থিতি সন্তোষজনক কি না এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘এখনো তো সকাল, বলা যাচ্ছে না। ভোটের কোনো পরিসংখ্যান আমার কাছে নেই।’ অতীতে ব্যালটে ভোট বেশি পড়ত, ইভিএমে ভোট কম পড়ছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা হতে পারে ইভিএমের সঙ্গে জনগণের পরিচিতি হয়নি। আমি বলতে পারব না। এটা তো বিশ্লেষণের বিষয়, এটা সবক্ষেত্রে সঠিক না। আমাদের স্থানীয় সরকার নির্বাচনের সময় ৮০ শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে।’
