হ‌ুমায়ূনের জন্মদিনে মমর কণ্ঠে ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১০:১০ এএম

বাংলাদেশে এর আগে অল্প কিছু কাজ হলেও বড় পরিসরে অডিও বুক নিয়ে এগোচ্ছে ই-বুকের জন্য পরিচিতি পাওয়া অ্যাপ ‘বইঘর’। প্রতিষ্ঠানটি বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে।

‘জন্মবার্ষিকীতে হ‌ুমায়ূন স্মরণ’ শীর্ষক এই আয়োজনে অংশ নিয়েছেন গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি পাঠ করেছেন লেখকের জনপ্রিয় একটি উপন্যাস।

বহুল পঠিত ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’ উপন্যাসের অডিও শোনা যাচ্ছে অভিনেত্রী মমর কণ্ঠে। সম্প্রতি বাংলাঢোল স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নেন তিনি।

মম বলেন, “এটি শ্রুতিনাটক না হলেও দীর্ঘদিন পর শ্রুতিনাটকে কাজ করার মতো অভিজ্ঞতা হলো। খুব আনন্দের সঙ্গে বইটি পড়েছি আমি। হ‌ুমায়ূন আহমেদের বই পড়ার প্রস্তাব পেয়েই রাজি হয়ে গেছি, কোনো ক্লান্তি বোধ করিনি পড়তে গিয়ে বরং আনন্দ পেয়েছি। ভবিষ্যতেও এমন কাজ করতে চাই। বইঘরের জন্য শুভ কামনা।”

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মুকুট জিতে শোবিজে পা রাখেন মম। পুরস্কার হিসেবে পান হ‌ুমায়ূনের ‍উপন্যাস অবলম্বনে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনির দ্বীপ’ ছবিতে অভিনয়ের সুযোগ। জিতে নেন জাতীয় পুরস্কারও।

মমর কণ্ঠে ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’ বইঘর, বাংলালিংক বইঘর, রবি বইঘর, এয়ারটেল মাইপকেট বুক অ্যাপগুলোর পাশাপাশি উপভোগ করা যাবে গ্রামীণফোনের বইমেলা ওয়েবসাইট থেকে।

এ অডিও বুকে মমর পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জেনি।

বইঘরে আরও প্রকাশ হয়েছে গল্পের জাদুকরকে নিয়ে লেখা মাজহারুল ইসলামের গ্রন্থ ‘হ‌ুমায়ূন আহমেদের মাকড়সাভীতি এবং অন্যান্য’। থাকছে হাসান শাওনের লেখা নতুন বই ‘হ‌ুমায়ূনকে নিয়ে’।

এ দিকে বইঘর কর্তৃপক্ষ জানায়, অ্যাপটি নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। চলতি মাস থেকেই বৈশ্বিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। যে কোনো স্থান থেকে যে কেউ স্বল্প বা বিনা মূল্যে বই পড়তে ও শুনতে পারবেন। এ উপলক্ষে অ্যাপে যুক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ লেখকদের নতুন-পুরোনো বই। রয়েছে হ‌ুমায়ূন আহমেদের বইয়ের সুবিশাল সংগ্রহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত