করোনা পরিস্থিতির কারণে গতকাল শুক্রবার সীমিত পরিসরে উদযাপিত হয়েছে নন্দিত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী। এদিন ভোর থেকে গাজীপুরের নুহাশ পল্লীর লিচুতলায় লেখকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানায় তার ভক্তরা। এর আগে রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীর সীমানা প্রাচীর ঘেঁষে মোমবাতি প্রজ¦ালন করে জš§দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারীরা। সকালে পুত্র নিষাদ ও নিনিতকে সঙ্গে নিয়ে সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার পর কেক কাটেন লেখকপত্নি মেহের আফরোজ শাওন।
অন্যদিকে প্রতি বছর হুমায়ূন আহমেদের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন মেলা অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে ‘হুমায়ূন মেলা ২০২০’। দুই ঘণ্টা সময় ব্যাপ্তির এই অনলাইন আয়োজনে নন্দিত লেখকের স্মরণে আবৃত্তি ও গান পরিবেশন করেন শিল্পীরা। অপু মাহফুজের উপস্থাপনায় অনলাইন আড্ডায় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, মুকিত মজুমদার বাবু, শাহীন আক্তার রেনী, মাজহারুল ইসলাম ও রেজানুর রহমান প্রমুখ।
