বাসে অগ্নিসংযোগ, গবেষণার নামে টিআইবির রাজনৈতিক প্রতিবেদন এবং বিভিন্ন মহলের উসকানিমূলক বক্তব্য বিএনপি ও তার দোসরদের দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ বলে মনে করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার মিন্টো রোডে সরকারি বাসভবনে গত বৃহস্পতিবার রাজধানীতে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বৃহস্পতিবার বাসে আগুন দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্রতিবেদন দিয়েছে, বিভিন্ন মহল থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং বাস পোড়ানোতে যে বিএনপি ও তাদের দোসররা জড়িত, তা সহজেই অনুমেয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য, ‘নির্বাচনে কারচুপি আড়াল করতেই বাসে আগুন’-এর প্রত্যুত্তরে হাছান মাহমুদ বলেন, অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কীভাবে পেট্রলবোমা নিক্ষেপ করে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, দেশবাসী তা ভালোভাবেই জানে। পুলিশের প্রাথমিক তদন্তেও দেখা গেছে, ২০১৩-১৪ সালে যেভাবে যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার যে নয়-দশটি বাস পোড়ানো হয়েছে, তার মিল আছে। প্রথমে একটি সরকারি প্রতিষ্ঠানের বাস পোড়ানো হয়েছে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। সুতরাং এ ঘটনার সঙ্গে বিএনপি ও তাদের মিত্রদের সংশ্লিষ্টতা অনায়াসে অনুমেয়।
বাস পোড়ানোর ঘটনা নিয়ে বিএনপির দুজন নেতার একটি ফোনালাপের অডিও ফাঁসের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অডিওবার্তা এটাই প্রমাণ করে যে এ ঘটনার সঙ্গে তারা যুক্ত এবং মির্জা ফখরুল সাহেব এ বিষয়ে একটি সত্যি কথা বলেছেন যে, এটি পূর্বপরিকল্পিত। আসলে মির্জা ফখরুল সাহেবরা পূর্বপরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছেন।’
