প্রথমবারের মতো হাইকুর সংকলন প্রকাশ করতে যাচ্ছেন কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু, শিরোনাম ‘পাপ পুণ্য’। বইটি প্রকাশ করছে বৈভব।
ফেইসবুকে শনিবার সকালে এক ঘোষণায় খবরটি জানান টিপু।
তিনি বলছিলেন, “বৈভব থেকে আমার হাইকুর সংকলন ‘পাপ পুণ্য’ শিগগির আসছে। বাংলায় এটাই আমার একমাত্র হাইকুর সংকলন।”
হাইকু প্রসঙ্গে টিপু বলেন, “হাইকু লিখতে যে ধরনের মনোনিবেশ আর পরিস্থিতির ভেতর যেতে হয় সেটা সত্যিই কঠিন। এত কম শব্দের ছকে প্রকৃতির রূপ ও রসনা ভাষায় আনা আয়াস সাধ্য নয়। বাশো হাইকুতে ‘হাইফেন’ ব্যবহার করেছেন কিছুদিন আগে এক নামকরা সমালোচকের ব্যাখ্যা শুনলাম। যেন শব্দহীন এক রহস্যের বিরতি।”
আরও জানা গেছে, শিগগিরই ‘পাপ পুণ্য’র প্রি-অর্ডার শুরু হতে যাচ্ছে।
বাজারে থাকা সাখাওয়াত টিপুর অন্য বইয়ের মধ্যে রয়েছে নভেরার রূপ, রাজার কঙ্কাল, কার্ল মার্কসের ধর্ম ও এলা হি বরষা।
