চোট আর করোনায় একাদশের কয়েকজনকে হারানো ব্রাজিলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। এরপরও কষ্টের জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এল তিতের দল।
সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে ১-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেন রবের্তো ফিরমিনো।
চোটের কারণে নেইমার এ ম্যাচে খেলতে পারেননি। তার জায়গায় গাব্রিয়েল জেসুসকে খেলিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
গত মাসে পেরুর বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনে মাঠে নেমেছিল ব্রাজিল। চোটে পড়া ফিলিপে কৌতিনিয়ো ও ফাবিনিয়ো এবং করোনাভাইরাসের আক্রান্ত কাসেমিরোকে ছাড়াই নামতে হয়েছিল মাঠে।
ভেনেজুয়েলাকে শুরু থেকেই চেপে ধরে ব্রাজিল। খেলার আট মিনিটেই বল জালে পাঠান গাব্রিয়েল জেসুস। তবে অফসাইডের জন্য গোল মেলেনি।
গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুই দল। একের পর এক আক্রমণ করে গেলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না ব্রাজিল।
এরপর ৬৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ফিরমিনো। ডান প্রান্ত থেকে এভারটন রিবেইরোর ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও। বক্সে জটলার মধ্যে বল পেয়ে ডান পায়ের টোকায় গোল করেন লিভারপুল তারকা।
দুই অর্ধেই বলের দখল রাখলেও গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের ছন্দহীনতার সুযোগ নিতে পারেনি ভেনেজুয়েলাও।
এ নিয়ে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিই জিতল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে তারা অপরাজিত রইল টানা ২০ ম্যাচ।
এবারের বাছাইপর্বে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে টেবিলের শীর্ষে ব্রাজিল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।
আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
