২৯ নভেম্বর থেকে যমুনায় রেল সেতুর কাজ শুরু : সুজন

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০২:১৯ এএম

২৯ নভেম্বর বঙ্গবন্ধু সেতুর উত্তরে দেশের সবচেয়ে বড় রেল সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু সেতুর ৩শ’ মিটার উত্তরে দেশের সবচেয়ে বড় রেল সেতু নির্মাণকাজ শুরু হবে। আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মোট ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই রেল সেতুটি। এর মধ্যে আমাদের নিজস্ব অর্থায়ন ৫ হাজার কোটি এবং বাকি ১০ হাজার কোটি টাকা অর্থায়ন করছে জাপান সরকার। এই রেল সেতু নির্মাণকাজ সমাপ্ত হবে ২০২৪ সালের আগস্ট মাসে।

গতকাল শনিবার দুপুরে নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথ প্রকল্প পরিদর্শন শেষে চিলাহাটি-হলদিবাড়ি জিরো পয়েন্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডুয়েল গেজ ও ডাবল লাইনের এই রেল সেতু দিয়ে ঘণ্টায় একশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। দেশের দ্বিতীয় এই রেল সেতু নির্মাণ শেষ হলে আর কোনো ট্রাফিক জ্যাম থাকবে না। এক সঙ্গে দুটি করে ট্রেন যাতায়াত করবে।’

এসময় রেলপথমন্ত্রী আরও বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর মধ্যে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ উন্মুক্ত হবে। প্রাথমিক অবস্থায় চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। ঢাকা থেকে যেমন কলকাতা পর্যন্ত যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা থেকে কলকাতা পর্যন্ত বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করে, তেমনি ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত চিলাহাটি-হলদিবাড়ি পথ দিয়ে আরেকটি যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারে সেটি আমাদের পরিকল্পনায় আছে। ভারত সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আগামী ২৬ মার্চের মধ্যে অথবা কাছাকাছি কোনো সময় চলাচল করবে বলে আশা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত