নাটোরের বাগাতিপাড়ায় হেলিকপ্টারে উড়ে বিয়ে করে শৈশবের ‘স্বপ্ন পূরণ’ করলেন হারুন অর রশীদ বাদশা নামে এক প্রকৌশলী। গত শনিবার উপজেলার সোনাপুর পাবনা পাড়া থেকে হেলিকপ্টারে চড়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাট এলাকা থেকে কনে উঠিয়ে নিয়ে আসেন তিনি।
জানা যায়, হারুন পাবনাপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং কনে ঊর্মী আক্তার গোদাগাড়ীর রাজাবাড়ী হাট গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূহুন নবীর মেয়ে। বর ও কনে দুজনেই নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) পড়াশুনা করেছেন। হারুন বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তড়িৎ প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
হারুনের শিক্ষক বাবা নূরুল ইসলাম জানান, ছোটবেলায় আকাশে বিমান উড়তে দেখে তার ছেলের শখ হয়েছিল হেলিকপ্টারে চড়ার। সেই শখ পূরণ করতেই এক লাখ ৫৫ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া করে বিয়ের আয়োজন করা হয়।
