ইউএনওকে হত্যার হুমকি উপজেলা চেয়ারম্যানের

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০৬:৫০ এএম

হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন। উপজেলা প্রশাসনের সিসিক্যামেরার সংযোগ খুলে ফেলা এবং তাতে বাধা দেওয়ার অভিযোগ এনে গতকাল রবিবার আদিতমারী থানায় সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া উপজেলা পরিষদের সরকারি নথিপত্র হারিয়ে যাওয়া এবং রাজস্ব তহবিলের উনিশটি চেক বহির পাতা ছিঁড়ে ফেলার অভিযোগে আরও একটি জিডি করেন তিনি। প্রথম জিডিতে বলা হয়েছে, ভিজিডি ও মাতৃত্বকালীন ভাতার তালিকা নিয়ে কথা-কাটাকাটির জেরে উপজেলা চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সভা থেকে চলে আসেন। এরপর তার ব্যক্তিগত সহকারী হুমায়ুনকে ইউএনও অফিসের সিসিটিভি ক্যামেরার বিদ্যুৎসংযোগ খুলে ফেলার নির্দেশ দেন। সিসিটিভি ক্যামেরার বিদ্যুৎসংযোগ খোলার কারণ জানতে চাইলে ইউএনও মনসুর উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় বেশি কথা বললে ‘পিটিয়ে লাশ নরসিংদী পাঠিয়ে দেব। উপজেলা পরিষদ কি তোর বাবার সম্পত্তি, উপজেলা পরিষদ কি তুই চালাবি?

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম দুটি সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার কথা স্বীকার করে বলেন, দুটি জিডি তদন্ত করে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে ফাঁসাতেই নতুনভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সে কারণেই জিডি করা হয়েছে বলে জানান তিনি। চেকগুলোতে তার (চেয়ারম্যান) কোনো স্বাক্ষর ছিল না দাবি করে তিনি আরও বলেন, এই অভিযোগ অন্যদের সঙ্গে নিয়ে রবিবার (আজ) করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত