দক্ষিণ সুদানে ৬ মাসে ১ হাজার মানুষ হত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১০:৪৭ পিএম

দক্ষিণ সুদানে গত ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত এক হাজার মানুষকে হত্যা ও চার শতাধিককে অপহরণ করা হয়েছে। দেশটিতে অবস্থানরত জাতিসংঘের একটি মিশন থেকে বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য দেওয়া হয়েছে।

গত ছয় বছর ধরেই দক্ষিণ সুদানে সহিংস পরিস্থিতি চলছে। সামরিক বাহিনীর একাংশ সাম্প্রদায়িক সহিংসতায় উসকানি দিচ্ছে এমন অভিযোগ একাধিকবার এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে বিবদমান সম্প্রদায়গুলোর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা বেড়েছে।

জাতিসংঘের বিশেষ দূত ডেভিড শেয়ার্রার বলেন, ‘গত ছয় মাসে শুধু দক্ষিণ সুদানের ওয়ার্প শহরেই এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এরা অধিকাংশই হামলা চালাতে গিয়ে অথবা প্রতিশোধপরায়ণ হয়ে পাল্টা হামলা চালানোর সময় মারা যান।’ আগামী জানুয়ারি নাগাদ দেশটিতে গ্রীষ্মকাল শুরু হবে। তখন পশু চড়ানোর জন্য তৃণভূমি কমে যাবে। এতে পশুপালক গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ডেভিড।

এদিকে দেশটির পূর্বাঞ্চলীয় জঙলেই অঞ্চলে চলমান লড়াইয়ের মধ্যে চার শতাধিক মানুষ অপহরণের শিকার হয়েছেন। তবে ওই অঞ্চলে হতাহতের ঘটনার সঠিক কোনো পরিসংখ্যান এখনো জানা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত