মুজিববর্ষ উপলক্ষে বিশেষ সংস্করণের হাতঘড়ি তৈরি করেছে ভারতীয় হাই কমিশন। ঘড়ির ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ হাতঘড়ি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
পরে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দুদেশের সম্পর্কের আলোকশিখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদিতে এসেও দীপ্যমান। ’৭৫ পরবর্তী সময়ে গড়ে ওঠা সন্দেহ ও অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে এখন রচিত হয়েছে আস্থা ও সৌহার্দ্যরে সেতু’।
তিস্তার পানিবণ্টনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আলোচনার মাধ্যমে ইতিমধ্যে অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে’।
ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘড়িটির ডায়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং স্বাক্ষর তার বার্তার নিরবচ্ছিন্নতা এবং চিরন্তন প্রাসঙ্গিকতার প্রতিনিধিত্ব করে। ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ এই বিশেষ সংস্করণের ঘড়িগুলো প্রস্তুত করেছে।
ভারতীয় হাই কমিশনার বিক্রম বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। এটাই স্বাভাবিক যে, স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিলেন, তেমনিভাবে তারা মুজিববর্ষও উদযাপন করতে চান।’
