পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র প্রকল্পের একটি ভবনের আসবাব সামগ্রী অস্বাভাবিক দামে কেনার অভিযোগে দুর্নীতির মামলায় গণপূর্ত অধিদপ্তরের বরখাস্ত উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. মোস্তফা কামালকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে, তাকে কেন জামিন দেওয়া হবে না- এ মর্মে রুল জারি করেছে আদালত। তিন মামলায় মোস্তফা কামালের জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ আদেশ দেয় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
ভিডিও কনফারেন্সে আসামির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির বুলবুল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো.খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এ কে এম আমিন উদ্দিন মানিক। ডিএজি আমিন উদ্দিন মানিক জানান, দুদক ও রাষ্ট্রপক্ষকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
