সিলেটে রায়হান হত্যা মামলা

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি এসআই আকবর

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৩:৩৭ এএম

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার বরখাস্তকৃত এসআই আকবর হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হননি। গতকাল মঙ্গলবার ৭ দিনের রিমান্ড শেষে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. আবুল কাশেম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সূত্রে জানা গেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসআই আকবর পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন ও ওইদিন রাতের ঘটনার বর্ণনা দিয়েছেন। কিন্তু ১৬৪ ধারায় জবানবন্দি দিতে নারাজ। এছাড়াও মামলায় গ্রেপ্তার কনস্টেবল হারুনুর রশিদ, টিটু চন্দ্র দাস ও এএসআই আশেক এলাহিও ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হননি।

গত ৯ নভেম্বর সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১০ নভেম্বর ৭ দিনের রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর আওলাদ হোসেন।

গত ১০ অক্টোবর রাতে নগরীর কাষ্টঘর থেকে রায়হান আহমদকে ধরে বন্দরবাজার ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে ১০ হাজার টাকার জন্য তার ওপর নির্যাতন চালানো হয়। খবর পেয়ে রায়হানের চাচা ফাঁড়িতে গেলেও তাকে জানানো হয় রায়হান অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রায়হানের লাশ পান স্বজনরা। এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত