ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাস্ক না পরায় ঢাকা চট্টগ্রামে ১৬৩ জনকে অর্থদন্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০১:৩৬ এএম

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পরিচালিত এসব অভিযানে মাস্ক না পরে বাইরে আসায় ১৬৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জনসচেতনতামূলক কার্যক্রম ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে আদালত।

ঢাকা জেলা প্রশাসন গতকাল রাজধানী ও এর আশপাশে একযোগে ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসব আদালতের মাধ্যমে গরিব-অসহায়দের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। তবে মাস্ক না পরায় ৮৩টি মামলা দিয়ে ৮৩ জনের কাছ থেকে ২৪ হাজার ১৮০ টাকা আদায় করা হয়। এর মধ্যে রাজধানীর খিলক্ষেত এলাকায় আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান ১২ জনকে অর্থদণ্ড দেন।

রাজধানীর জজকোর্ট, বাহাদুর শাহ পার্ক,সচিবালয়, মতিঝিল, হাতিরঝিল, উত্তরার আজমপুর, মাস্কট প্লাজা, সংসদ ভবন ও জনবহুল বিভিন্ন স্থানে ঢাকা জেলা প্রশাসনের আরও ১৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৬৮ জনকে অর্থদণ্ড দেন। এ ছাড়া কেরানীগঞ্জ উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে অভিযান চালানো হয়। এসব আদালত থেকে গতকাল বিনামূল্যে ১৭০০ মাস্ক বিতরণ করা হয়।

এদিকে গতকাল বুধবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, নিউ মার্কেট, জামালখান, জিইসি ও দামপাড়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, রেজওয়ানা আফরিন ও নূরজাহান আক্তার সাথী। এ সময় মাস্ক না পরায় ৮০ জন থেকে ১১ হাজারের বেশি টাকা জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত মঙ্গলবার নতুন ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১ জন। আর মারা গেছেন ৩১১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত