বাস পোড়ানো মামলা

গয়েশ্বর-ইশরাকসহ শতাধিক নেতাকর্মীর আগাম জামিন

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০১:৪০ এএম

ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো ও হাতবোমার বিস্ফোরণ ঘটনোর মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে আদেশ দেয়। জামিন পাওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সদ্য অনুষ্ঠিত হওয়া ঢাকা-১৮ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, দলটির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ। জামিন নিতে তারা সবাই আদালতে হাজির হন।

আইনজীবীরা জানান, ওই ঘটনায় বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন ও দন্ডবিধির বিভিন্ন ধারায় বিএনপির কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, শাহজাহান ওমর, সালাউদ্দিন দোলন, রুহুল কুদ্দুস কাজল, মজিবুর রহমান ও কাজী মো. জয়নাল আবেদিন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদেশের বরাতে সাংবাদিকদের জানান, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত তারা জামিনে থাকবেন। এই সময়ের আগে কিংবা পরে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট  চলাকালে একটি কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্বাচনের দিন বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর ৯টি থানায় মোট ১৩টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৬৪৭ জনকে। এসব মামলায় মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত