নতুন প্রজন্মের ৫ নৃত্যশিল্পী

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১০:৩৯ পিএম

নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের প্রায় সবাই নাচ নিয়ে পড়াশোনা করেছেন। প্রশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন সংশ্লিষ্টরা। এমন ৫ নৃত্যশিল্পীকে নিয়ে লিখেছেন মাসিদ রণ

সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ

দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন এই প্রজন্মের নৃত্যশিল্পী সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ। চার বছর বয়স থেকেই মা বিখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার নাচে হাতেখড়ি। ছয় বছর বয়সে গুরু হিসেবে পেয়েছেন কিংবদন্তি মনিপুরি নৃত্যশিল্পী কলাবতী দেবীকে। নয় বছর বয়সে ভরতনাট্যম শেখা শুরু সিভি চন্দ্রশেখরের কাছে। এ ছাড়া তালিম নিয়েছেন তামান্না রহমান, বেলায়েত হোসেন খান ও বেনজির সালাম সুমির কাছে। তিনি মনিপুরি নৃত্যে রবীন্দ্রভারতী বিশ^বিদ্যালয় থেকে স্নাতকত্তর পর্যায়ে পুরো নাচের বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। বিটিভির বছরব্যাপী ‘তারানা’ নৃত্যানুষ্ঠানে প্রথম হন। এ ছাড়া দেশ-বিদেশের বড় মঞ্চে পারফর্ম করেছেন। বেঙ্গল ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টে দুবার ও ইয়ং কোরিওগ্রাফারস প্ল্যাটফর্মে তিনবার নেচেছেন। গৌতম ঘোষের ‘মনের মানুষ’ সিনেমায় প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে তার অভিনয়ও প্রশংসা কুড়ায়। গত বছর তার জন্য সবচেয়ে বিশেষ। তিনি ভারতের খাজুরাহ ফেস্টিভ্যালে নেচেছেন, বার্মিংহাম ও দুবার জার্মানে গিয়েছেন নাচের জন্য। এ বছর বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী আকরাম খানের পরিচালনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘ফাদার : অ্যা ভিশন অব দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড’-এ অংশ নেন।  তাথৈ বলেন, ‘জীবনের বেশির ভাগ সময় নাচেই কেটে গেছে। আমার সৌভাগ্য, যে কাজটি সবচেয়ে ভালোবাসি তা করেই মানুষের ভালোবাসা পাচ্ছি।’

মেহরাজ হক তুষার

তুষার ছোটবেলা থেকেই কত্থক নাচ শিখছেন শিবলী মহম্মদের কাছে। তিনি নতুন কুড়ি, তারানা প্রতিযোগিতা ও চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন। একজন দক্ষ নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি একজন মেধাবী কোরিওগ্রাফার। দেশের বড় বড় শোতে জনপ্রিয় তারকাদের নাচ কোরিওগ্রাফি করেছেন। নিজে পারফর্ম করেছেন বেঙ্গল ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টের দুটি আসরে, ইয়ং কোরিওগ্রাফার প্ল্যাটফর্মসহ অনেক বড় আয়োজনে। এ ছাড়া বিদেশের বিখ্যাত গুরুদের কর্মশালার মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। কত্থক নাচ তার ভিত্তি হলেও তিনি সমানতালে পারদর্শী ভরতনাট্যম ও কনটেম্পরারি নাচেও।

হৃদি শেখ

হৃদি শেখ বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে গান ও নাচ দুটোই শিখেছেন মস্কোর ইন্ডিয়ান কালচারাল সেন্টারে। কিন্তু নাচেই নিজেকে খুঁজে পান। তাই মস্কো থেকে ইকোনমিকস ও ফরেন অ্যাফেয়ার্সে ডিপ্লোমা শেষ করলেও নাচের টানেই দেশে ফিরে আসেন। চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রির চ্যাম্পিয়ন হন। তিনি এ পর্যন্ত ইউক্রেন, রাশিয়া, ভারত ও বাংলাদেশের চারটি নাচের রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। বলিউডের ড্যান্স প্লাসে রেমো ডি সুজার মতো কোরিওগ্রাফারের সামনে তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তিনি ছোটবেলায় ক্ল্যাসিক্যাল চর্চা করলেও বর্তমানে হিপহপ, কনটেম্পরারি ও ভ্যাকিংস নাচের জন্য জনপ্রিয়। তার নৃত্যধারা তুলনামূলক বাণিজ্যিক ঘরানার বলে দ্রুত অধিক দর্শকের কাছে পৌঁছে গেছেন। তার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। তিনি লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। ট্রেসেমে ফ্যাশন উইকে নৃত্যশিল্পীদের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি শাকিব খানের সঙ্গে সিনেমার আইটেম সঙের শ্যুটিং শেষ করেছেন। হৃদি বলেন, ‘এত অল্প বয়সে অনেকে আমাকে অনুপ্রেরণার উৎস মনে করে, এটা আমার জন্য বিরাট পাওয়া। ইউটিউবে দর্শক আমার চ্যানেল যেভাবে পছন্দ করছেন, তাতে নৃত্য নিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন দেখি।’  

মারিয়া ফারিহ উপমা

উপমা ছোটবেলায় বেশি পরিচিত ছিলেন সিনেমার শিশুশিল্পী হিসেবে। ৩০টির মতো সিনেমায় তিনি অভিনয় করেছেন। পেয়েছেন বাসসাস, ফিল্ম ক্লাব পুরস্কার। তবে এখন তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী। উপমা বলেন, ‘ছোটবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক তৈরি হয় খালা আনিসা সুলতানাকে দেখে। তার কাছেই আমার হাতেখড়ি। এরপর অনিক বোস ও কবিরুল ইসলাম রতনের কাছে সাধারণ ও ফোক নৃত্য শিখেছি। কিন্তু বরাবরই ক্ল্যাসিক্যাল নাচের ওপর টান ছিল। তাই ছায়ানটে বেলায়েত হোসেনের কাছে শেখা শুরু করি। এর পাশাপাশি দেশে অনুষ্ঠিত পিকে নারায়ণ (কথাকলি), লীলা স্যামসন, কির্তি, রাজদ্বীপ ব্যানার্জির (ভরতনাট্যম) মতো বিদেশের বিখ্যাত শিল্পীদের ওয়ার্কশপ করেছি; বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড বার্ড ও শাশা জারিফের কনটেম্পরারি নাচের কর্মশালা আমার নাচের প্রতি ধারণা বদলে দেয়। এরপর রবীন্দ্রভারতী বিশ^বিদ্যালয় থেকে ভরতনাট্যমে মাস্টার্স করেছি। সেখানে সুজাতা রামালিঙ্গমের মতো গুরুকে পাওয়া ভাগ্যের ব্যাপার। দেশে ফিরে টুকটাক কাজ করছি। কিন্তু আমাদের দেশের মিডিয়ায় কাজ পাওয়ার উপায় আমার জানা নেই। কত অডিশন দিই, বারবার নিজেকে প্রমাণ করি, কিন্তু কাজের সুযোগ পাই না। সুযোগ আর সম্মান পেলে অর্থ কম পেলেও আমি কাজ করতে চাই। বৃহৎ পরিসরের দর্শকের কাছে নিজের যোগ্যতার পরিচয় দিতে চাই।’

হাসান ইশতিয়াক ইমরান

ইমরান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সুনামের সঙ্গে কত্থক নাচে অনার্স ও মাস্টার্স শেষ করে এসেছেন। প-িত অসীম বন্ধুর কাছে কত্থক নাচ শিখেছেন তিনি। ফাইনাল পরীক্ষায় তার নাচ সেখানকার শিক্ষকদের মুগ্ধ করে। তিনি ছোটবেলায় শিশু একাডেমিতে নাচ শেখা শুরু করেন। এরপর বুলবুল ললিতকলা একাডেমি থেকে পাঁচ বছরের কোর্স শেষ করেন। এর বাইরে এম আর ওয়াসেক ও সাজু আহমেদের কাছে নাচ শিখেছেন। দেশের বিভিন্ন অনুষ্ঠান তো আছেই, ভারতের কলকাতা, ওডিশা, মধ্যপ্রদেশসহ বিভিন্ন জায়গায় তিনি কত্থক নাচ করে সুনাম কুড়িয়েছেন। ইমরান বলেন, ‘এখন নাচ নিয়েই ব্যস্ততা আমার। লবুনা মরিয়মের সাধনার অঙ্গ প্রতিষ্ঠান কল্পতরুর কত্থক নাচের শিক্ষকের দায়িত্ব পালন করছি। সম্প্রতি শিশু একাডেমিতেও শিক্ষক হিসেবে যোগ দিয়েছি। চট্টগ্রামের ফুলকি একাডেমিতেও নাচ শেখাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত