বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক চাচা মাসুদ খান (২৬) ও ভাতিজা আফ্রেদী (২০)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাগলার মোড় সংলগ্ন এলাকায়।
এছাড়াও সাভারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী, খুলনার তেরখাদায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, নেত্রকোনার পূর্বধলায় সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন এবং ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরচাপায় চালক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
দুমকি (পটুয়াখালী): স্থানীয়রা জানান, লেবুখালী ফেরিঘাট থেকে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হন মাসুদ ও আফ্রেদী। স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা এবং আফ্রেদীকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আফ্রেদী মারা যান।
বাগেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার এবং ময়নাতদন্ত শেষে চাচা-ভাতিজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভার : সাভারের অজ্ঞাত বাসচাপায় সোহেল রানা (৩৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার সুগন্ধা হাউজিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল গাজীপুরের কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি ইউনিমেড ইউনিহেল্থ নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা : খুলনার তেরখাদা উপজেলার বালাদের মোড় নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবুল কালাম খান (৫৭) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাশেম গোপালগঞ্জের পাইকেরডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি একটি এনজিওতে চাকরি করতেন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরচাপায় চালক রুবেল (৩২) নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম গিলাবাড়ী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। রুবেল গিলাবাড়ী দিদারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, জমি চাষ করে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে ট্রাক্টর নিয়ে খাদে পড়ে যায় রুবেল। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পরে সে। মুমূর্ষু অবস্থায় প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে, সেখান থেকে রংপুরে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার বামনকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোযাত্রী গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরআলী নগর গ্রামের আবুল কাসেমের ছেলে হারুন (৩৫) এবং চালক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লালমা বিশকা গ্রামের আ. রশিদের ছেলে তারা মিয়া (২৮)।
পুর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বামনখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হারুন মারা যান। গুরুতর আহত তারা মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
