বিনা মূল্যে ভ্যাকসিন পাবে দেশের জনগণ: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০৮:২২ পিএম

বিনা মূল্যে করোনার ভ্যাকসিন দেশের জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার বিকেলে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য বাংলাদেশের হাসপাতাল গুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভাগীয় যে সকল জেলা হাসপাতাল গুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো হয়েছে, হাইফ্লো অক্সিজেন মেশিনেরও সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা আশা করি সরকারের যে প্রস্তুতি রয়েছে,  জনগণের যে সচেতনতা আছে এবং মাঠ পর্যায়ে আমাদের প্রশাসন যেভাবে কাজ করছে, আমাদের সকল লেবেলের সরকারি বেসরকারি হাসপাতাল গুলোর যে প্রস্তুতি রয়েছে তা দিয়ে প্রথম ঢেউয়ের মত দ্বিতীয় ঢেউটি মোকাবিলা করতে সক্ষম হবো।

তিনি বলেন,  শুধু স্বাস্থ্য খাত নয়,  যে কোন  অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। যে সমস্ত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গুলো অনিয়ম করেছে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।

আশুলিয়া থানায় আওয়ামী লীগের একটি কমিটির প্রয়োজন ছিলো। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাভার উপজেলার নেতানেত্রীদের সঙ্গে আলোচনা করে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। যে কমিটিতে ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পৌর মেয়র আবদুল গণি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলা, সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজিব, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়া, আশুলিয়া থানা ছাত্র লীগের সভাপতি এসএ শামিমসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত