সাকিব আল হাসান শেষ কবে ম্যাচ খেলেছেন মনে আছে? ২০১৯ এর ১২ অক্টোবর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইব্রেন্টসকে চ্যাম্পিয়ন করেছিলেন। এর ১৭দিন পর নিষিদ্ধ হলেন এক বছরের জন্য। সব ক্রিকেট বন্ধ। তবু সাকিব ছিলেন আলোচনার কেন্দ্রে। নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরে প্রস্তুতিতে সাকিব বরাবরের মতোই ‘একবেমাদ্বিতীয়ম’। দেশের ইতিহাসের সেরা অল রাউন্ডারকে নিয়ে যতটা চর্চা চলছে ততটা চর্চা কি আজ থেকে শুরু বঙ্গবন্ধু কাপ টুর্নামেন্ট নিয়ে?
এতদিন পর খেলায় ফিরে ৩৩ বছর ২৪৫ দিন বয়সের সাকিব কী করবেন? এই আগ্রহ সবার। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা বয়সভিত্তিক দল থেকে এখন পর্যন্ত সাকিবের সতীর্থ। সোয়া যুগ সাকিবের সঙ্গে খেলার অভিজ্ঞতা তার খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহর। দেশের এই বর্তমান ও সাবেক অধিনায়করা কাল প্রবল বিশ্বাসের সঙ্গে এক সুরে বলে দিলেন , ‘সাকিব ফিরবে সাকিবের মতো করে। হয়তো নিজেকে ছাপিয়ে।’
