অনুপ্রেরণাদায়ী ১০০ নারীর তালিকায় দুই বাংলাদেশি

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:০৫ এএম

চলতি বছর বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছেন এমন ১০০ নারীর একটি তালিকা তৈরি করেছে বিবিসি। বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে নিজ নিজ ক্ষেত্রে ভিন্নধর্মী অবদানের জন্য অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারী হিসেবে তাদের ওই তালিকায় রাখা করা হয়েছে। তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি নারী। তারা হলেন রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু। তালিকায় রয়েছেন ফিনল্যান্ডে নারীদের নিয়ে গঠিত জোট সরকারের প্রধান সানা মারিন, অভিনেত্রী মিশেল ইয়ো এবং করোনাভাইরাসের টিকা আবিষ্কারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণায় নেতৃত্ব দেওয়া সারা গিলবার্টের মতো নারীরাও।

বিবিসির ওই তালিকায় ৬ নম্বরে রয়েছেন রিনা আক্তার। এক প্রতিবেদনে বিবিসি জানায়, মাত্র আট বছর বয়সেই রিনাকে যৌনপল্লীতে বিক্রি করে দেন তার এক স্বজন। তারপর থেকে সেখানেই বেড়ে ওঠেন তিনি। কিন্তু অন্য যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে সহায়তা করেছেন রিনা। তা ছাড়া করোনা মহামারীর সময়ও কাজ হারানো যৌনকর্মীদের খাবারের বন্দোবস্ত করেছেন রিনা ও তার সহায়তাকারীরা। সপ্তাহে অন্তত ৪০০ জনকে খাবার সরবরাহ করেছেন তিনি।

রিনা আক্তার যৌনকর্মীদের সংগঠন দুর্জয় নারী সংঘের সাংগঠনিক সম্পাদক। আর যৌনকর্মী সংগঠনগুলোর জোট সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের সদস্য। এ প্রসঙ্গে রিনা বলেন, ‘যৌনকর্মীরা যাতে ক্ষুধার্ত না থাকেন, আমি সেই চেষ্টা  করেছি। তাদের সন্তানরাও যেন এ কাজ করতে বাধ্য না হয়, সেই চেষ্টাও করেছি।’

তালিকার অপর বাংলাদেশি রিমা সুলতানা কক্সবাজারের ইয়ং উইমেন লিডারস ফর পিসের সদস্য। যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকার সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিসবিল্ডার্সের কর্মসূচির অংশ এটি। সংঘাত ও অন্যান্য দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নারীদের উন্নয়নে কাজ করছে এই সংস্থা। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক উন্নয়নেও কাজ করছেন রিমা। এ প্রসঙ্গে রিমা বলেন, ‘আমি বাংলাদেশে লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ। অধিকার আদায়ে নারী ও মেয়েশিশুদের ক্ষমতায়নে বিশ্বাসী। আমরা উন্নতি করব।’

প্রভাবশালী ১০০ নারী তালিকায় দক্ষিণ এশিয়ার ভারতের চারজন, পাকিস্তানের দুজন, আফগানিস্তানের দুজন এবং নেপালের একজন রয়েছেন। বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করে তালিকাভুক্ত হয়েছেন ভারতের বিলকিস বানু (৮২)। এ ছাড়া তালিকায় আছেন ভারতের সংগীতশিল্পী ইসাইবানি ও অ্যাথলেট মানসি যোশিও। রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। যৌন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার মাহিরা। আফগানিস্তানের রোবটিকস টিমের নেতা সোমা ফারুকি, ইথিওপিয়ার ফুটবলার লোজা আবেরা জেইনোরে, মরক্কোর র‌্যাপার হুদা আবুজ, লেবাননের নারী আন্দোলনকর্মী-সাংবাদিক হায়াত মিরশাদও রয়েছেন বিবিসির ওই তালিকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত