শুধু মাঠে নয়, বিভিন্ন সময়ে করা মন্তব্য দিয়েও ডিয়েগো ম্যারাডোনা তার সমর্থকদের আলোচানার খোরাকি জুগিয়েছেন। বুধবার এ মহানায়কের বিদায় ঘটে। তার অসংখ্য স্মরণীয় উক্তির কিছু তুলে ধরা হলো পাঠকদের জন্য-
‘বল দেখতে পাওয়া এবং বলের পিছে ছুটতে পারা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষে পরিণত করে’।
‘আমি ভুল করি এবং এ জন্য আমাকে দায় নিতে হয়, কিন্তু বল সবসময় পবিত্র থাকে’।
‘আমি ম্যারাডোনা যে গোল করি, ভুল করি। আমি এর সবই বহনে সক্ষম, আমরা এমন চওড়া কাঁধ আছে যে আমি সবার সঙ্গে লড়ে যেতে পারব’।
‘আমার বিষয়ে আপনি অনেক কিছু বলতে পারবেন, কিন্তু কখনো বলতে পারবেন না যে আমি ঝুঁকি নিই না’।
১৯৯৪ বিশ্বকাপে ডোপ পরীক্ষা ধরা পড়া নিয়ে: ‘তারা আমার পা জোড়া কেটে ফেলেছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে না আমাকে। আমি ড্রাগ নেইনি। জানি না, কী হয়েছে। আমি দিব্বি করে বলছি, ড্রাগ ব্যবহার করিনি, কিন্তু তাদের কাছে এসবের মূল্য নেই’।
‘আমি সৌভাগ্যবান, তবে সেটি কেবল ঈশ্বরের ইচ্ছে বলেই। ইশ্বরই আমাকে ভালো খেলান। জন্মগতভাবেই তিনি আমাকে এই ক্ষমতা দিয়েছেন। এজন্যই আমি প্রতিবার মাঠে প্রবেশের সময় ক্রস চিহ্ন আঁকি। এটা না করা মানে তার প্রতি অকৃতজ্ঞতা’।
‘আমার মেয়েদের ছেলেবন্ধুরা যদি ওদেরকে দুই-তিনবার কাঁদায়, ওদের দুর্ঘটনায় পড়তে হবে’।
‘মেসি একটা গোল করে এবং উদযাপন করে। ক্রিস্টিয়ানোকে (রোনালদো) গোলের পর ভঙ্গি করতে দেখলে মনে হয় যেন সে শ্যাম্পুর বিজ্ঞাপনে অভিনয় করছে’।
‘ফুটবল খেলা নিয়ে আমার দুর্ভাবনা নেই, তবে খেলার চারপাশের লোকদের নিয়ে আছে। কিছু কর্তা আছে, যারা ক্লাবের জন্য কাজ করার চেয়ে একটি ছবি তোলার জন্য বেশি পরিশ্রম করে’।
‘শুরুর দিকে ড্রাগ আমাকে উন্মাদনায় ভাসাত। একটা চ্যাম্পিয়নশিপ জয়ের মতো যেন। মনে হতো, আজকে চ্যাম্পিয়নশিপ জিতেছি, ভবিষ্যৎ ভেবে কী হবে!’
‘বিশ্বের ইতিহাসে পেলে না আমি কে সেরা ফুটবলার এটা নিয়ে কোনো তর্ক থাকারই কথা না। কারণ সবাই বলবে আমার কথা’।
‘যা কিছু যুক্তরাষ্ট্র থেকে আসে আমি তার সব ঘৃণা করি, আমি নিজের সর্বশক্তি দিয়ে ঘৃণা করি’।
