মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বেথড়ি গ্রামে গত শুক্রবার সন্ধ্যা থেকে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।
বেথড়ি গ্রামের শামসুর রহমানসহ কয়েকজন জানান, পলাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম বাবু এবং ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য আহাদুজ্জামানের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় বেথড়ি বাজারে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে রেজাউল করিম বাবু তার লোকজন ডেকে আলোচনা করছিলেন। এ সময় আহাদুজ্জামানের লোকজন সেখানে গেলে বাগ্্বিত-া শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় অর্ধশত বাড়িতে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত জামাল শেখ, রেজাউল শেখ, মন্নু শেখ, আরজান, হেনা, ঝর্ণা, হাকিম মোল্যা, জাকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। মহম্মদপুর থানার ওসি তারেক বিশ্বাস বলেন, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
