আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম শতরান করলেন গ্লেন ফিলিপস। পরে ফিল্ডিংয়ে নিলেন জোড়া ক্যাচ। সঙ্গে দুরন্ত একটি রানআউট। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ কার্যত এক ফিলিপসের কাছেই হার মানল।
তরুণ এই উইকেটকিপার-ব্যাটসম্যানের কাঁধে ভর করে বরিবার কিউইরা ৭২ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয়। সেই সাথে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে।
মাউন্ট মঙ্গানুইতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ফিলিপসের শতরান ও ডেভন কনওয়ের হাফ-সেঞ্চুরিতে ভর করে তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রানের বিশাল পুঁজি গড়ে।
উইকেটকিপার হয়েও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা ফিলিপস ১০টি চার ও ৮ ছক্কার সাহায্যে ৫১ বলে ১০৮ রান করে আউট হন। তিনি ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ৪৬ বলে। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটিই এখনো পর্যন্ত সবচেয় কম বলে সেঞ্চুরির রেকর্ড।
ফিলিপস এদিন পেছনে ফেলেছেন কলিন মুনরোর ৪৭ বলে সেঞ্চুরির রেকর্ডকে। কনওয়ে ৩৭ বলে অপরাজিত ৬৫ রান করেন। এছাড়া মার্টিন গাপটিল ২৩ বলে ৩৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১৬৬ রান তোলে। ফ্লেচার ২০, হেটমেয়ার ২৫, মায়েরস ২০, পোলার্ড ২৮ ও কিমো পল অপরাজিত ২৬ রান করেন।
ফ্লেচারকে রান-আউট করেন ফিলিপস। ক্যাচ ধরেন মায়েরস ও অ্যালেনের।
নিউজিল্যান্ডের হয়ে জেমিসন ও স্যান্টনার ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন ফিলিপস।
