ইউটিউবার বিডির ‘মেন্টাল প্যান্ডামিক’ প্রকাশিত

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০৯:১৮ পিএম

প্রায় এক বছর ধরে বিশ্বব্যাপী চলছে করোনা মহামারি। ফলে প্রকৃতির পাশাপাশি নারী-পুরুষের সম্পর্কেও একটা পরিবর্তন ঘটেছে। এমন একটি মনস্তাত্বিক পটভূমির গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেন্টাল প্যান্ডামিক’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। অভিনয়ের পাশাপাশি পরিচালকের সঙ্গে যৌথভাবে শর্টফিল্মটির গল্প লিখেছেন শোবিজের পরিচিত মুখ আনন্দ খালেদ। আরও অভিনয় করেছেন দোলন দে। এটি ইউটিউবার বিডির প্রথম প্রযোজনা।

সম্প্রতি ‘টিম ইউটিউবার বিডি’ সংগঠনের নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে। পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘এটি মূলত হিউম্যান সাইকোলজি নিয়ে তৈরি। প্রতিটি মানুষের মোহ থাকে, একটা জগতের প্রতি হাতছানি থাকে, একটা স্বপ্নের আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় সেগুলোর দিকে এগোতে গিয়ে পতনও হয়। তখন মানুষ বুঝতে পারে, একটা মানুষের ভেতর অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো পৃথিবী থাকে। মেন্টাল প্যান্ডামিক মূলত সেই বিষয়গুলো নিয়েই তৈরি।’

অভিনেতা আনন্দ খালেদ বলেন, ‘মেন্টাল প্যান্ডামিক একটি অন্য ধরনের গল্প। যে গল্প প্রতিটি মানুষের ভেতরেই কোন না কোনোভাবে সুপ্ত রয়েছে। কিন্তু সেটা প্রকাশ করা হয়ে ওঠে না সবসময়। এখানে সেটিই তুলে ধরা হয়েছে। মেন্টাল প্যান্ডামিকে দর্শকেরা অন্য রকম একটি ভাবনার খোরাক পাবেন। ’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত