‘বিশেষ সুবিধা’ দিয়ে বিদেশে অর্থ পাচার রোধের পক্ষে এনবিআর চেয়ারম্যান

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০৯:২৩ পিএম

বিশেষ কর সুবিধা দিয়ে হলেও বিদেশে টাকা পাচার বন্ধ করা উচিত বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম।

জাতীয় আয়কর দিবস উপলক্ষে সোমবার এক সেমিনারে এবিআর চেয়ারম্যানের এ মত ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান।

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে এই সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর জ্যেষ্ঠ রিসার্চ ফেলো নাজনীন আহমেদ এবং প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশিদ।

অধ্যাপক প্রাণ গোপাল বলেন, যেসব নাগরিক দেশকে কর দেওয়ার ভয়ে বিদেশে টাকা পাচার করে দিচ্ছেন… ট্যাক্স হেভেন দিয়ে হলেও সেই টাকা দেশে রাখা যায় কিনা, সেই চিন্তা এনবিআরের করা উচিত।

তার বক্তব্যের সূত্র ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, অধ্যাপক প্রাণ গোপাল দত্তের প্রস্তাবের সঙ্গে আমিও একমত। যারা দেশে কর দেওয়ার ভয়ে বিদেশে টাকা পাচার করে দিচ্ছেন, তাদের জন্য বিশেষ কর সুবিধা দেওয়া যায় কিনা, আমাদের চিন্তা ভাবনা করতে হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার যে লক্ষ্য ঠিক করেছে, তা বাস্তবায়ন করতে হলে রাজস্ব আহরণ অনেক বাড়াতে হবে।

তিনি বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে করনেট সম্প্রসারণের পাশাপাশি কর আইন আরও সহজ করা উচিত।

নাজনীন আহমেদ বলেন, আমরা মাত্র দশ বছরে মাথা পিছু আয় ৭০০ ডলার থেকে প্রায় তিনগুণ বাড়িয়ে ২ হাজার ৬৪ ডলারে উন্নীত করেছি, যে সাফল্যে আমাদের প্রতিবেশীরাও উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এই সাফল্য ধরে রেখে দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য রাজস্ব আহরণ বাড়ানোর ওপর জোর দেন বিআইডিএস এর এই গবেষক।

মামুন রশিদ বলেন, রাজস্ব আহরণ বাড়াতে হলে অবশ্যই কর দাতাদের সঙ্গে কর প্রশাসনের দূরত্ব কমানোর উদ্যোগ নিতে হবে। সেইসঙ্গে করজাল সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের  পরামর্শ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত