ঘোষিত হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’। শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান এবং শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু।
শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছে অংশুর ‘ন ডরাই’ ও তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’।
তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার এ সব তথ্য জানা যায়। এবার মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে।
তারিক আনাম ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন, অন্যদিকে ‘ন ডরাই’র জন্য জিতেছেন সুনেরাহ বিনতে কামাল।
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবুর (ফাগুন হাওয়ায়) হাতে উঠবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নারগিস আকতার (মায়া দ্য লস্ট মাদার)।
দ্বিতীয়বারের খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জাহিদ হাসান (সাপলুডু)। এর আগে ২০১৭ সালে (হালদা) একই বিভাগে পুরস্কার জেতেন।
এবারে সেরা সংগীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক হিসেবে মৃনাল কান্তি দাস, সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী পুরস্কার পাচ্ছেন। শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে যৌথভাবে আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও প্লাবন কোরেশী, সেরা গীতিকার হিসেবে কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে নির্বাচিত করা হয়েছে।
আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা।
চমক দেখিয়েছেন নির্মাতা মাসুদ পথিক। তার ‘মায়া- দ্য লস্ট মাদার’ সর্বোচ্চ ৮টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। তিনি জিতেছেন সেরা কাহিনিকারের পুরস্কার। ৬টি বিভাগে পুরস্কার পাচ্ছে ‘ন ডরাই’। তিনটি করে পুরস্কার পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’ ও ‘মনের মতো মানুষ পাইলাম না’।
শিগগিরই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
