অকালে চলে গেলেন পু‌লি‌শের এআইজি তারিকুল হাসান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭ পিএম

পুলিশ সদর দপ্তরের এআইজি (অপারেশন) সাঈদ তারিকুল হাসান বৃহস্পতিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। 

তিনি বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী আজুবা সুলতানা, দুই কন্যা তাসনিয়া আনজুম ও ওয়াদিয়া আরওয়া, এক ভাই, এক বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

তিনি ১৯৭৫ সালের ২৭ নভেম্বর দিনাজপুর জেলার সদর থানাধীন মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আমিনুল ইসলাম এবং মাতা মোর্শেদা খাতুন। 

সাঈদ ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

কর্মজীবনে তিনি রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং, ইউএন এফেয়ার্স, কমিউনিটি পুলিশিং এবং সর্বশেষ অপারেশন্স উইংয়ের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেমি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 

পেশাগত কৃতিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বিপিএম পদকে ভূষিত হন। চারবার আইজিপি ব্যাজ পেয়েছেন তিনি। 

মরহুমের জানাযা শুক্রবার সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 

এআইজি সাঈদ তারিকুল হাসানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

image

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ এআইজি সাঈদ তারিকুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

এক শোকবাণীতে আইজিপি বলেন,  সাঈদ তারিকুল হাসান একজন দক্ষ, প্রতিভাবান ও সম্ভাবনাময় পুলিশ কর্মকর্তা ছিলেন। 

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত