দুই বছরের ইজহান মির্জাকে গাড়ি চালানোর প্রাথমিক পাঠ দিতে শুরু করেছেন তার মা সানিয়া মির্জা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের এই টেনিস তারকা। তাতে দেখা যাচ্ছে তিনি ছেলেকে মন দিয়ে ট্র্যাফিক সিগনালের খুঁটিনাটি বোঝাচ্ছেন তিনি।
ভিডিওতে দেখা যায় একটি হোয়াইট বোর্ডের ওপর বিভিন্ন ট্র্যাফিক সিগনাল আঁকছেন সানিয়া। আর ছোট্ট ইজহান তার ব্যাখ্যা দিচ্ছে।
সানিয়া জিজ্ঞেস করছেন, ‘সবুজ মানে কী?’ ইজহান জবাব দিচ্ছে, ‘সবুজ মানে এবার যাও।’ এরপর সানিয়ার প্রশ্ন, ‘কমলা মানে কী?’ ইজহানের উত্তর, ‘কমলা মানে একটু অপেক্ষা কর।’
এরপর সানিয়ার প্রশ্ন, ‘লাল মানে কী? ছেলের উত্তর, ‘লাল মানে থামতে হবে।’ এই ভিডিও পোস্ট করে সানিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘খুব ছোট থাকতে সিগনাল বক্সের ব্যাপারগুলো শেখানো ভালো।’
স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসার পর ইন্টারনেটে মন্তব্যের ঝড় উঠেছে। সানিয়ার সব থেকে কাছের বন্ধু এবং অভিনেত্রী পরিণিতী চোপড়া লিখেছেন, ‘আমার জানকে এখনই এত কঠিন জিনিস শেখাচ্ছ কেন?’
ইজহানের বাবা শোয়েব মালিক এখন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা স্ট্যালিয়ন্সের হয়ে খেলছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শোয়েব। নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ১৭ ডিসেম্বর থেকে সেই সিরিজ শুরু। টেস্ট এবং একদিনের ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন শোয়েব।
