বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে ফের নিয়োগ পেতে যাচ্ছেন ড. মো. মোজাম্মেল হক খান। গতকাল শনিবার বাংলাদেশ স্কাউটসের ৪৯তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় তাকে প্রধান জাতীয় কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট আবদুল হামিদের কাছে সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের কাউন্সিল সভা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে সভার উদ্বোধন করেন। মোজাম্মেল হক খান ২০১৪ সাল থেকে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
