খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান গুগল স্কলার সাইটেশনের সংখ্যা অনুযায়ী বিশ্বসেরা পদার্থ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন।
উক্ত সংস্থা কর্তৃক বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানীদের সাইটেশনের সংখ্যার ভিত্তিতে প্রথম নয় শ জনের মধ্যে তিনি স্থান লাভ করেছেন। অধ্যাপক হারুনর রশীদ খান বর্তমানে লিয়েনে সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান বিভাগে অধ্যাপনায় যুক্ত।
২০০৫ সালে হারুনর রশীদ খান জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) ফেলোশিপের আওতায় পোস্ট ডক্টরাল প্রোগ্রাম সম্পন্ন করেন। এর আগে তিনি ১৯৯৯ সালে জাপানের সাগা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ইতালির দ্য আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স (আইসিটিপি) এর নিয়মিত সহযোগী হিসেবে সাত বছর নিয়োজিত ছিলেন। তিনি ২০১৬ সালের জানুয়ারি থেকে প্রায় ৫ বছর সৌদি আরবের কিংসৌদ ইউনিভার্সিটিতে লিয়েনে অধ্যাপনায় নিয়োজিত আছেন।
আগামী ২০২১ সালের জানুয়ারিতে দেশে ফিরে খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজের সদস্য ছিলেন।
এ ছাড়া তিনি বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন, পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান, খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট, রিসার্চ সেলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রাশেদুর রহমান এবং ডিসিপ্লিনের সব শিক্ষক তাকে অভিনন্দন জানিয়েছেন।
