জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ বিয়ে করছেন আগামীকাল। গত সোমবার হয়ে গেল বাগদান। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
বিয়ের পিঁড়িতে...
গত সোমবার চট্টগ্রামে সত্রাজিৎ দত্তের সঙ্গে বাগদান সেরে ফেললাম। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানের এয়ারবাসে কর্মরত। বিয়ে উপলক্ষে বাগদানের দিনই তিনি জাপান থেকে বাংলাদেশে এসেছেন। তাই আমরা খুব বেশি সময় পাচ্ছি না আয়োজনের জন্য। আগামীকালই আগ্রাবাদের একটি মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। কভিডের কারণে খুব বড় পরিসরে বিয়ের আয়োজন করছি না। দুই পরিবারের একেবারেই কাছের কিছু মানুষ আশীর্বাদের জন্য উপস্থিত থাকবেন। তার পরও বিয়ে বলে কথা! অনেক ধরনের প্রস্তুতির বিষয় থাকে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে খুব ব্যস্ত। তাই অনেক সংবাদমাধ্যম থেকে আমাকে ফোন করা হলেও সবার সঙ্গে এখনই কথা বলতে পারছি না। সবাই আমাদের আশীর্বাদ করবেন, যেন বাকিটা জীবন একসঙ্গে কাটাতে পারি।
বিবাহোত্তর সংবর্ধনা...
এখন ছোট আয়োজনে হলেও আমার পরিকল্পনা আছে আগামী বছরের এপ্রিল বা মে মাসে বড় করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। তখন বিনোদন অঙ্গনের বন্ধু-সহকর্মীসহ সবাইকে আমন্ত্রণ জানাব।
করোনালেই পরিচয়...
করোনাকালেই আমাদের পরিচয়। কমন বন্ধু ফারনাজ মেহেদী ও নিঝুমা হাসান আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছে। বিয়ে নিয়ে বাড়ি থেকে মাঝেমধ্যে বলত। কিন্তু আমার যেহেতু নিজের পছন্দের কোনো ছেলে নেই তাই আমি তাদের বলেছিলাম, তোমরাই পাত্র পছন্দ করো। তাই আমার বন্ধুরা অনেকটা দায়িত্ব নিয়েই সত্রাজিৎকে খুঁজে বের করে। আমাদের বিয়েটা বলতে গেলে পারিবারিকভাবেই হচ্ছে। তবে পরিচয়ের পর আমরা অনেক কথা বলেছি। কথা বলা শুরু করার আগে সে আমাকে চিনত একজন অভিনেত্রী হিসেবেই। তাই প্রথম দিকে যখন কথা বলতাম তখন সে বুঝে উঠতে পারত না, আসলেই আমরা সিরিয়াস হতে পারি কি না সম্পর্ক নিয়ে। কথা বলতে বলতে নিজেদের মধ্যে বোঝাপড়াটা তৈরি হয়েছে। আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। একসময় ভালো লাগা তৈরি হয়। একটা পর্যায়ে জানতে পারি, ওর বাবা আর আমার বাবা ভালো বন্ধু। তারপর দুই পরিবার মিলে আমাদের বিয়ের সিদ্ধান্ত নেয়।
লং ডিসটেন্স রিলেশনশিপ...
যেহেতু আমার হবু স্বামী জাপানে থাকেন তাই আমরা হয়তো সবার মতো একসঙ্গে সব সময় থাকতে পারব না। কারণ, আমি এখানে কাজ করি। আমার কাজের প্রতি ভালোবাসাটা প্রবল। এ বিষয়টি সম্মান জানিয়েছে বলেই সত্রাজিতের ব্যাপারে আমি সিরিয়াস হয়েছি। সে আমাকে কাজের ব্যাপারে খুব উৎসাহ দেয়। আমি নিজে থেকে না চাইলে দেশ ছেড়ে, কাজ ছেড়ে তার কাছে থাকার জন্য সে কখনোই আমাকে বলবে না। আপাতত কাজ ছেড়ে জাপানে গিয়ে থাকার পরিকল্পনা নেই আমার।
বন্ধুকে নিয়ে গুঞ্জন...
পরিচালক সাফায়েত মনসুর রানার সঙ্গে আমার বন্ধুত্বকে সবাই সহজভাবে নিতে পারেনি। কয়েকটি দৈনিক এ নিয়ে মিথ্যা খবর প্রকাশের পর আমাকে বেশ ঝামেলাও পোহাতে হয়েছে। কিন্তু আমার বাগদানে তার উপস্থিতি দেখে সবাই বুঝেছেন আসল ঘটনা কী! রানার সঙ্গে প্রেম থাকলে আমি কেন লুকোব? সম্পর্ক নিয়ে আমি কোনো লুকোছাপা করিনি।
