মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী এই ম্যারাথন আয়োজন করবে। এ উপলক্ষে গত সোমবার আয়োজক কমিটি ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করে।
আয়োজক কমিটি জানান, ম্যারাথনটি সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়ামে শুরু হয়ে হাতিরঝিল এলাকায় গিয়ে শেষ হবে। দেশি-বিদেশি সবাই এই ম্যারাথনে অংশ নিতে পারবেন। নারী-পুরুষ উভয় বিভাগেই প্রতিযোগীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। ম্যারাথনটি তিনটি ক্যাটাগরিতে পরিচালনা করা হবে। ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথন ছাড়াও ডিজিটাল ম্যারাথনে দৌড়বিদরা অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন করে বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো স্থান থেকে সর্বস্তরের জনগণ অংশ নিতে পারবেন।
আইএসপিআর জানায়, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আয়োজক কমিটির সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমান ওএসপি (বার), এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন, স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক এবং ট্রাস্ট ইনোভেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমদ খান এবং অন্যান্য কর্মকর্তা।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সার্বিক দিকনির্দেশনায় ও উৎসাহে বাংলাদেশ সেনাবাহিনী মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্পোর্টস ভিশন লিমিটেড ও ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।
এর আগে বাংলাদেশে অনেক ম্যারাথন হলেও এই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশি-বিদেশি খ্যাতনামা দৌড়বিদ (১৮ বছরের ঊর্ধ্বে) এ ম্যারাথনে অংশগ্রহণ করবেন। নারী ও পুরুষ দুই বিভাগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হবে। ম্যারাথনটি ১০ জানুয়ারি সকাল ৬টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল এলাকায় শেষ হবে। ম্যারাথনটি তিনটি ক্যাটাগরিতে পরিচালনা করা হবে। ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের ফুল ম্যারাথনে দেশি ও বিদেশি ১০০ দৌড়বিদ (শুধু ম্যারাথনে অংশগ্রহণ ও সমাপ্ত করার অভিজ্ঞতাসম্পন্ন প্রতিযোগী) অংশ নেবেন। ২১ দশমিক ০৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথনে ১০০ বাংলাদেশি দৌড়বিদ যাদের শুধু অতীতে ম্যারাথনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তারা অংশগ্রহণ করবেন।
শিগগিরই সাধারণ জনগণের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’-এর অফিশিয়াল ওয়েবসাইট (িি.িফযধশধসধৎধঃযড়হ.পড়স.নফ) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে (পরে সবাইকে অবগত করা হবে) জানা যাবে।
