করোনাভাইরাস

স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০২:১০ এএম

শেরপুর সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন তার স্ত্রীও। গতকাল বুধবার শেরপুর শহরের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল ভোর ৬টার দিকে স্বামী রফিকুর রহমান (৬৩) ও সকাল ১০টার দিকে তার স্ত্রী আম্বিয়া খাতুন (৫২) মারা যান। রফিকুর রহমান ওই এলাকার প্রয়াত ফসিহুর রহমানের ছেলে।

জানা যায়, কিডনি ও শ্বাসকষ্ট জটিলতায় গত ২৮ নভেম্বর রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন ব্যবসায়ী রফিকুর রহমান। পরে তার করোনা শনাক্ত হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। গতকাল ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে শেরপুরে মোট ১২ জনের মৃত্যু হলো। অন্যদিকে শ্বাসকষ্ট জটিলতায় গত ৪ দিন ধরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি ছিলেন আম্বিয়া খাতুন। গত মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু গতকাল হঠাৎ করেই তার অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রফিকুর-আম্বিয়া দম্পতির মৃত্যুতে শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিকেলে স্বামী-স্ত্রীর লাশ বাড়ির আঙিনায় রাখা হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। দুই সন্তান, পরিবারের সদস্য ও শুভাকাক্সক্ষীদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। রাতে শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠ নামাজে জানাজা শেষে চাপাতলি পৌর কবরস্থানে ওই দুজনকে দাফন করা হয়। তাদের মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীল রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত