সারা দেশে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের সাধারণ ও উপনির্বাচনের ভোটগ্রহণ আজ। সাতটি পৌরসভা, চারটি জেলা পরিষদ, ১০টি উপজেলা পরিষদের সাধারণ এবং বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া তিনটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৬৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচটি পৌরসভায় সাধারণ নির্বাচন এবং দুটি পৌসরভায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচন হতে যাওয়া পৌরসভাগুলো হচ্ছে ফরিদপুর জেলার ফরিদপুর সদর পৌরসভা ও মধুখালী; মাদারীপুর জেলার রাজৈর পৌরসভা; ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভা ও গাইবান্ধা উপজেলার পলাশবাড়ী উপজেলা। একই সঙ্গে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভা এবং জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া চার জেলা পরিষদের মধ্যে ফেনীতে চেয়ারম্যান পদে এবং চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সাধারণ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন পদে ১০টি উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে আছে বগুড়ার শেরপুর, নওগাঁর রানীনগর, পাবনার ঈশ্বরদী ও বেড়া, সাতক্ষীরার দেবহাটা, যশোরের বাঘারপাড়া ও সদর উপজেলা, রাজবাড়ীর গোয়ালন্দ, নোয়াখালীর বেগমগঞ্জ এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা।
এদিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার অন্তর্গত দাঁতভাঙ্গা, বন্দবেড় এবং চরশৌলমারী ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে সাতটি ইউনিয়নের চেয়ারম্যান পদসহ ৬৮টি ইউনিয়নে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
